তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

জার্মানির সর্বোচ্চ স্তরের ক্লাব প্রতিযোগিতা বুন্দেস লিগায় তিন মৌসুম খেলতে পারেনি শালকে। গতকাল (শনিবার) দ্বিতীয় স্তরের বুন্দেস লিগার শীর্ষস্থান পাকাপোক্ত করার মাধ্যমে তারা মূল প্রতিযোগিতায় ফিরেছে। শালকে এদিন ফরচুনা ডুসেলডর্ফকে হারিয়েছে ১-০ গোলে। যদিও লিগে দলটির আরও তিন ম্যাচ বাকি, তবে ৬৭ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষেও শালকে টেবিলের দুইয়ে থাকা নিশ্চিত করেছে। 

ম্যাচের ১৩তম মিনিটে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক কেনান কারামান। এই জয়ে জার্মানির দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা হ্যানোভারের চেয়ে শালকে ১০ পয়েন্ট এগিয়ে গেল। যেখানে হ্যানোভারের হাতে এখনও তিনটি ম্যাচ বাকি এবং শালকের রয়েছে দুটি। নিয়ম অনুযায়ী লিগের শীর্ষ দুই দল সরাসরি শীর্ষ বিভাগে উন্নীত হবে।

জয়ের নায়ক কারামান ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানালেন এভাবে, ‘এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ক্লাব হিসেবে, শহর হিসেবে, আমাদের চারপাশের সবার জন্য আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। ঘরের মাঠে শেষ ধাপটা পার করতে পেরে আমি খুবই খুশি, কারণ সমর্থকরা এটা প্রাপ্য।’ এই ম্যাচে সমর্থকদের মাঠে না নামার জন্য অনুরোধ জানানো হয়েছিল এবং নিরাপত্তার জন্য মোতায়েন ছিল শত শত স্টুয়ার্ড। ফলে সমর্থকরা গ্যালারিতেই আতশবাজি, গান আর উদ্‌যাপনে মেতে ওঠে।

 

গত গ্রীষ্মে ক্রীড়া পরিচালক ফ্র্যাঙ্ক ব্যোমান মিরন মুসলিচকে নিয়োগ দেওয়ার পর শালকে ঘুরে দাঁড়ায়। ৪৩ বছর বয়সী মুসলিচ সংকটে থাকা দলকে উন্নীত হওয়ার প্রাপ্য দলে পরিণত করেন। শালকে এখন দ্বিতীয় বিভাগের শিরোপা জয়ের দৌড়েও ভালো অবস্থানে রয়েছে, যেখানে দ্বিতীয় স্থানে আছে প্যাডারবর্ন।

এ ছাড়া গত জানুয়ারিতে জেকোর চমকপ্রদ অন্তর্ভুক্তি শালকের এই মৌসুমের সাফল্যে বড় ভূমিকা রাখে। ৪০ বছর বয়সী এই বসনিয়ান ফরোয়ার্ড লিগে ৯ ম্যাচে ৬টি গোল করেন। তবে ৩১ মার্চ ইতালির বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচে কাঁধে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে ছিলেন। জেকোর অনুপস্থিতিতে কাঁধে দায়িত্ব তুলে নেয় অন্য সতীর্থরা। বিশেষ করে মালির ফরোয়ার্ড মুসা সিলা শেষ ছয় ম্যাচে ৩টি-সহ মোট ৭ গোল করেছেন।

গত পাঁচ বছরে এ নিয়ে দ্বিতীয়বার দ্বিতীয় বিভাগ থেকে সর্বোচ্চ প্রতিযোগিতায় উঠল শালকে। ২০২১ সালে বুন্দেসলিগা থেকে অবনমনের পর তারা পরের মৌসুমেই চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসে, কিন্তু ২০২৩ সালে আবার অবনমিত হয়। ২০২৬-২৭ মৌসুমে আবারও তারা শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *