বরিশালে সাত শিয়াল হত্যার ঘটনায় মামলা

বরিশাল সদরে সাতটি শিয়াল পিটিয়ে হত্যার পর সেগুলোর মাংস রান্না করে খাওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনার পর অবশেষে মামলা করেছে বন বিভাগ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর আওতায় দায়ের করা এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে। 

ওই ঘটনার ১০ দিন পর রোববার (১২ জুলাই) বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান বাদি হয়ে বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়েছেন।

মামলার আসামিরা হলেন- বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকার নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফা (৩২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই ময়দানখোলা এলাকায় একে একে সাতটি শিয়াল ধরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে মূলধারার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পশুপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এ প্রসঙ্গে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি শিয়ালগুলোকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন-এমন তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। ঘটনাটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার যে দাবি প্রচারিত হয়েছে, সেটি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী আদালতে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, মামলা হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত চারজনকে আর এলাকায় দেখা যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *